প্রকাশের সময়: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫ । ১২:৩৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

লেবাননে এবার জনবসতির ওপর ভয়ংকর বিমান হামলা ইসরায়েলের

অনলাইন ডেস্ক

যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও লেবাননের রাজধানী বৈরুত আবারও ভয়াবহ বিমান হামলার শিকার হয়েছে। ইসরায়েলি বাহিনী বৈরুতের দক্ষিণাঞ্চলের ঘনবসতিপূর্ণ হারেত হরাইকে এলাকায় লক্ষ্যবস্তুতে আঘাত হানলে একটি আবাসিক ভবন ধসে পড়ে কমপক্ষে পাঁচজন নিহত হন এবং অন্তত ২৫ জন আহত হন।

রোববার (২৩ নভেম্বর) এই হামলা চালানো হয়। ঘটনাটি নিশ্চিত করেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়; একইসঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও হামলার কথা স্বীকার করেছেন। এএফপির প্রতিবেদন জানায়—হামলার মূল টার্গেট ছিল হিজবুল্লাহর প্রভাবশালী ডি ফ্যাক্টো সামরিক প্রধান হাইথাম আলী তাবাতাবাঈ, যিনি গোষ্ঠীটির জনবল বৃদ্ধি ও অস্ত্র সংগ্রহের নেতৃত্ব দিয়ে আসছিলেন।

নেতানিয়াহু দাবি করেন, ইসরায়েল তার লক্ষ্যবস্তুকে যেখানেই থাকুক না কেন, নজরদারি ও আঘাত হানতে প্রস্তুত। তবে তাবাতাবাঈ নিহত হয়েছেন কি না—সে বিষয়ে এখনো ইসরায়েল কিংবা হিজবুল্লাহ কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

লেবাননের আল-জাদিদ টিভির তথ্য অনুযায়ী, বেসামরিক এলাকায় চালানো এ হামলায় আশপাশের বহু ভবন ও পার্কিংয়ে থাকা গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হিজবুল্লাহ বলেছে, ওই অঞ্চলে তাদের কোনো সামরিক স্থাপনা নেই।

হামলার পর দক্ষিণ বৈরুতের হাসপাতালগুলো জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজনীয়তার কথা জানিয়েছে। লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, তারা ঘটনাস্থলে নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলেছে। এদিকে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো হামলার পরও দাহিয়ে অঞ্চলের আকাশে টহল জোরদার করেছে।

এর আগে রোববার সকালেই নেতানিয়াহু ঘোষণা দেন যে, হিজবুল্লাহকে ক্ষমতা পুনরুদ্ধার করতে না দিতে ইসরায়েল প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।

হামলার তীব্র নিন্দা জানিয়ে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন, আন্তর্জাতিক প্রস্তাব বাস্তবায়ন ও হামলা থামাতে ইসরায়েলকে চাপ প্রয়োগ করতে হবে। পাশাপাশি, রক্তপাত বন্ধ ও আঞ্চলিক উত্তেজনা কমাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৭ নভেম্বর যুদ্ধবিরতি শুরু হওয়ার পরও বৈরুতসহ দক্ষিণ ও পূর্ব লেবাননে বারবার হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েল দাবি করছে, হিজবুল্লাহর হুমকি দূর করতেই এসব অভিযান পরিচালিত হচ্ছে। সীমান্তবর্তী পাঁচটি গুরুত্বপূর্ণ অঞ্চলে এখনো ইসরায়েলি সেনা মোতায়েন রয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের ২৮ নভেম্বরের পর থেকে ইসরায়েলি হামলায় লেবাননে ৩৩১ জন নিহত এবং ৯৪৫ জন আহত হয়েছেন।

প্রিন্ট করুন