প্রকাশের সময়: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫ । ৭:১৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

তামিমের ফিফটি, দুর্দান্ত প্রত্যাবর্তনে টি-টোয়েন্টি সিরিজও বাংলাদেশের

অনলাইন ডেস্ক

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত সাফল্যের পর প্রথম টি–টোয়েন্টিতে হোঁচট খেয়েছিল বাংলাদেশ। তবে পরের দুই ম্যাচে দাপুটে খেলায় ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত সিরিজ নিজেদের করে নিল লিটন দাসের নেতৃত্বাধীন টাইগাররা। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিকরা জিতেছে একপ্রকার একছুটে—৮ উইকেট আর ৩৮ বল হাতে রেখে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) আগে ব্যাট করে আয়ারল্যান্ড থামে মাত্র ১১৭ রানে। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ তামিম। তবে সাইফ ১৪ বলে ১৯ রান করে ফেরেন। লিটন দাসও সুবিধা করতে পারেননি—৬ বলে ৭ রান করে আউট হয়ে যান।

ওপেনিংয়ে নেমে একাই ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে নেন তানজিদ তামিম। পারভেজ ইমনের সঙ্গে জমে ওঠে তার জুটি। মাত্র ৩৫ বলে ঝড়ো হাফ-সেঞ্চুরি তুলে নিয়ে অপরাজিত থেকেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। তামিমের ব্যাট থেকে আসে ৫৫ রানের মূল্যবান ইনিংস। ইমন খেলেন ২৬ বলে গুরুত্বপূর্ণ ৩৩ রানের ইনিংস।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ভাল শুরু করেছিল আয়ারল্যান্ড। চার ওভারে উইকেট না হারিয়ে তুলে ফেলে ৩৮ রান। কিন্তু টিম টেক্টর ১০ বলে ১৭ রান করে আউট হওয়ার পর হঠাৎই ভেঙে পড়ে তাদের ব্যাটিং লাইনআপ। হ্যারি টেক্টর ৫ রান, লরকান ট্যাকার মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফেরেন।

একদিকে যখন উইকেট পড়তে থাকে, অন্যপ্রান্ত ধরে লড়াই চালিয়ে যান পল স্টার্লিং। ২৭ বলে ৩৮ রানের ইনিংস খেলে তিনি কিছুটা প্রতিরোধ গড়েন। তবে তাকে থামান লেগস্পিনার রিশাদ হোসেন। এদিন বল হাতে দুর্দান্ত ছিলেন তিনি—ক্যাম্ফার, স্টার্লিং ও ডেলানিকে পরপর সাজঘরে পাঠিয়ে ধ্বংসযজ্ঞ নামান রিশাদ।

শেষদিকে মার্ক অ্যাডওয়ার ৮, ডকরেল ২৩ বলে ১৯ এবং হোয়াইট ৫ রান যোগ করলেও দলীয় সংগ্রহ বড় করতে পারেনি আইরিশরা। শেষ পর্যন্ত ১১৭ রানে গুটিয়ে যায় পুরো দল।

বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান সমান ৩টি করে উইকেট নেন। শরিফুল ইসলাম ২টি এবং শেখ মেহেদী ও সাইফউদ্দিন নেন একটি করে উইকেট।

প্রিন্ট করুন