প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫ । ২:৩৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবদল নেতা ফাহাদ গুরুতর আহত, গ্রেপ্তার ১

অনলাইন ডেস্ক

চাঁদপুরের শাহরাস্তিতে কিশোর গ্যাংয়ের হামলায় সূচিপাড়া উত্তর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবরাব ফাহাদ (৩৫) গুরুতর আহত হয়েছেন।
রবিবার (৭ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় ইউনিয়নের শোরশাক বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, শোরশাক বাজার এলাকায় রাস্তা পরিষ্কার করতে বলাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের সদস্যরা ফাহাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তিনি মারাত্মক আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলাকারীরা মূলত সুচিপাড়া দক্ষিণ ইউনিয়নের একটি সক্রিয় কিশোর গ্যাংয়ের সদস্য। দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িত। স্থানীয়দের অভিযোগ—গ্যাংটির অধিকাংশ সদস্য ক্ষমতাসীন দলের কিছু নেতার গোপন মদদ পেয়ে দীর্ঘদিন ধরে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে।

এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার এসআই মোহাম্মদ আল আমিন জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে উপজেলার কেশরাঙ্গা এলাকা থেকে অভিযুক্ত যুবক রায়হান (২১)–কে গ্রেপ্তার করেছে। তিনি আরও বলেন, “এ ঘটনায় জড়িত মূল হোতাসহ অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।”

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিকে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দায়ীদের পরিচয় প্রকাশ ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছে শাহরাস্তি উপজেলা যুবদল ও ছাত্রদল।

প্রিন্ট করুন