প্রকাশের সময়: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫ । ১২:০৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ইঞ্জিনিয়ার মমিনুল হক নির্বাচিত হলে এলাকার সব দাবি পূরণ হবে: মোস্তফা খান সফরী

স্টাফ রিপোর্টার

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তফা খান সফরী বলেছেন, “ইঞ্জিনিয়ার মো. মমিনুল হক নির্বাচিত হলে হাজীগঞ্জ-শাহরাস্তি এলাকার মানুষের সকল ন্যায্য দাবি পূরণ হবে।”

রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের ধানের শীষের প্রার্থীর নির্বাচনী পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাজীগঞ্জ বাকিলা বাজার উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই সভায় তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক। আপোষহীনভাবে তিনি গণতন্ত্র রক্ষার আন্দোলনে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। দেশ ও জনগণের জন্য তার ত্যাগের কারণে দলমত নির্বিশেষে মানুষ তাকে সম্মান ও ভালোবাসে।

মোস্তফা খান সফরী আরও বলেন, “আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান একটি নতুন বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন। সেই নতুন বাংলাদেশ বিনির্মাণে যাদের তিনি সহযোগী হিসেবে বেছে নিয়েছেন, তাদের মধ্যে অন্যতম ইঞ্জিনিয়ার মো. মমিনুল হক। আওয়ামী দুঃশাসনের মধ্যেও তিনি চাঁদপুর জেলা বিএনপির নেতৃত্ব দিয়েছেন।”

তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ার মো. মমিনুল হক ধানের শীষ প্রতীকে চাঁদপুর-৫ আসনের প্রার্থী হয়েছেন। এই এলাকার মানুষের বহু দাবি রয়েছে এবং তিনি নির্বাচিত হলে এসব দাবি বাস্তবায়ন করবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তিনি এই আসনকে একটি উন্নত, সমৃদ্ধ ও মর্যাদাশীল এলাকায় রূপান্তরিত করবেন।

দীর্ঘদিনের সহযোদ্ধা হিসেবে মমিনুল হকের সততা ও নেতৃত্বের প্রশংসা করে সফরী বলেন, “তিনি আপনাদের সম্মান রক্ষা করবেন। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে বিপুল ভোটে নির্বাচিত করার অঙ্গীকার তিনি করেছেন। সেই অঙ্গীকার বাস্তবায়নের দায়িত্ব এখন আপনাদের।”

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “এবারের নির্বাচনে ধানের শীষ জয়ী হলে বাংলাদেশই জয়ী হবে।”

পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৫ আসনের ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার মো. মমিনুল হক। এসময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন