প্রকাশের সময়: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫ । ১২:১৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

দেশের উন্নয়নে ভ্যাট প্রদান করা প্রত্যেকের নৈতিক দায়িত্ব : আব্দুল মান্নান

নিজস্ব প্রতিবেদক

‘সময়মত নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ–২০২৫ উদযাপন উপলক্ষে চাঁদপুরে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে শহরের চেয়ারম্যান ঘাট এলাকার ইউরো এশিয়া রেস্টুরেন্টে এই সেমিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মো. আব্দুল মান্নান সরদার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভ্যাট বা মূল্য সংযোজন কর বাংলাদেশের কর ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। দেশের উন্নয়ন ও সমৃদ্ধির ধারাকে এগিয়ে নিতে সঠিকভাবে ভ্যাট প্রদান করা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। ব্যবসায়ী ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টায় দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী ও টেকসই করা সম্ভব।

তিনি বলেন, একজন সচেতন ব্যবসায়ীর দায়িত্ব হলো প্রতিটি ক্রেতাকে পণ্য ক্রয়ের সময় ভ্যাট প্রদানের বিষয়ে অবহিত করা এবং সঠিকভাবে ভ্যাট প্রদানে উৎসাহিত করা। ব্যবসায়ীদের উচিত ক্রেতার কাছ থেকে সংগৃহীত ভ্যাট সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী যথাসময়ে রাজস্ব খাতে জমা দেওয়া। আদায়কৃত ভ্যাটকে ব্যক্তিগত আয়ের অংশ হিসেবে না দেখে রাষ্ট্রের আমানত হিসেবে বিবেচনা করাও ঈমানের অংশ বলে মন্তব্য করেন তিনি।

মো. আব্দুল মান্নান আরও বলেন, সরকার ব্যবসাবান্ধব ভ্যাট ব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন সংস্কার ও ডিজিটাল কার্যক্রম গ্রহণ করেছে। এর ফলে ব্যবসায়ীরা সহজেই ভ্যাট নিবন্ধন গ্রহণ ও কর পরিশোধ করতে পারছেন। ভ্যাট আইন যথাযথভাবে অনুসরণ করার জন্য তিনি সংশ্লিষ্ট সকল ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান।

চাঁদপুর ভ্যাট বিভাগের সহকারী কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা কাস্টমস ও এক্সাইজ শেখ শাহি আহমেদের সভাপতিত্বে এবং সহকারী রাজস্ব কর্মকর্তা আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সুভাষ চন্দ্র রায়।

এছাড়া বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশ, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হাজী মো. মাসুদ আখন্দ এবং বিসিক শিল্পনগরী চাঁদপুরের মহাব্যবস্থাপক মো. কামরুল হুদা।

সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন রাজস্ব কর্মকর্তা শিপন কুমার দাস।

আলোচনা সভায় ভ্যাট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, করদাতাদের দায়িত্ববোধ জাগ্রত করা এবং সরকারের রাজস্ব ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিবৃন্দ, আমন্ত্রিত অতিথি এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন