চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক অভিযোগ করেছেন, একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন বানচালের চেষ্টা করছে।
রবিবার (১৪ ডিসেম্বর) উপজেলার ২ নম্বর বাকিলা ইউনিয়নের বিভিন্ন নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, আগে পিআর পদ্ধতির নির্বাচন ও পরে গণভোটের দাবি তুলে ব্যর্থ হয়ে এখন একটি দল নির্বাচন বানচালের অপচেষ্টা চালাচ্ছে। নির্বাচন সামনে রেখে তারা একের পর এক অযৌক্তিক প্রস্তাব দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী অতীতে ১৯৪৭ ও ১৯৭১ সালে যে ভূমিকা রেখেছিল, ইতিহাস তা জানে। এখন তারা ভিন্ন রূপে ফিরে আসার চেষ্টা করছে। অথচ ২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত বিএনপির সঙ্গে জোট করে ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছে। এখন তারা দাবি করছে, দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিলে নাকি জান্নাত নিশ্চিত। তাহলে হিন্দু নেতাকে মনোনয়ন দেওয়ার বিষয়টি কীভাবে ব্যাখ্যা করবে—এ প্রশ্ন জনগণের কাছে তুলে ধরেন তিনি।
তিনি আরও বলেন, আগামী ২০২৬ সালের নির্বাচনে জনগণ পরিবর্তন চায়। বিএনপি ক্ষমতায় গেলে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, আগের মতো পুলিশ দিয়ে স্বামী, ভাই কিংবা বাবাকে ধরে নিয়ে যাওয়ার সংস্কৃতি থাকবে না।
বিএনপি ক্ষমতায় গেলে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতার পাশাপাশি ফ্যামিলি কার্ড চালু করা হবে বলে জানান তিনি। এছাড়া স্বল্প পুঁজিতে বিনা সুদে কর্মমুখী কার্যক্রম গ্রহণ, মাদক ও ইভটিজিং রোধে কঠোর নজরদারি এবং অপরাধ দমনে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন ইঞ্জিনিয়ার মমিনুল হক।
২ নম্বর বাকিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল মতিন স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তফা খান সফরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ওলামা দলের সাবেক সভাপতি আলহাজ্ব মাওলানা নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু নাফের শাহ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদউদ্দিন পাটোয়ারী সোহেল, উপজেলা বিএনপির সদস্য মমিন মেম্বার, মোবাশ্বের হোসেন, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ইশতিয়াক আহমেদ, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব সোহেল রানা তালুকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নিজস্ব প্রতিবেদক