প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫ । ৬:০৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জ জামায়াতের বিজয় দিবসের র‍্যালিতে জনতার ঢল

ফরিদগঞ্জ উপজেলা, প্রতিনিধি :

মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জাতীয় পতাকা হাতে নিয়ে আয়োজিত এ র‍্যালিতে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি ফরিদগঞ্জ–রায়পুর মহাসড়ক হয়ে ফরিদগঞ্জ বাজার প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।

র‍্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী বলেন,
“মহান বিজয় দিবস শুধু একটি ঐতিহাসিক দিন নয়, এটি আমাদের জাতীয় আত্মপরিচয়ের ভিত্তি। এই দিন আমাদের স্মরণ করিয়ে দেয়—অন্যায়, জুলুম ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম ছাড়া কোনো জাতির প্রকৃত মুক্তি সম্ভব নয়।”

তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও দেশের সাধারণ মানুষ আজও ন্যায়বিচার ও সমঅধিকার থেকে বঞ্চিত। রাষ্ট্র পরিচালনায় ন্যায়নীতি ও সুশাসন প্রতিষ্ঠিত না হলে বিজয়ের প্রকৃত অর্থ পূর্ণতা পায় না। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে রাষ্ট্রের প্রতিটি স্তরে জবাবদিহি নিশ্চিত করতে হবে।

যুবসমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ যুবক। এই শক্তিকে সঠিক পথে পরিচালিত করা গেলে বাংলাদেশ দ্রুত একটি কল্যাণরাষ্ট্রে পরিণত হতে পারে। তবে নৈতিকতা ও আদর্শচ্যুতি ঘটলে এই শক্তিই সমাজের জন্য ভয়ংকর হয়ে উঠতে পারে। তাই যুবসমাজকে সততা, শৃঙ্খলা ও দেশপ্রেমে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে বৈষম্য থাকবে না, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। বিজয় দিবসের অঙ্গীকার হোক ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ করার শপথ।”

সমাবেশে সভাপতিত্ব করেন ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইউনূছ হেলাল। সভাপতির বক্তব্যে তিনি মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। বিজয়ের চেতনা বাস্তবায়নের মধ্য দিয়েই শহীদদের প্রতি প্রকৃত সম্মান জানানো সম্ভব।

র‍্যালিতে ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা বিপুল সংখ্যায় উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন