‘ইলিশের বাড়ি চাঁদপুর’—এই ব্র্যান্ডিংকে আরও সুদৃঢ় ও নান্দনিক করতে চাঁদপুর শহরের প্রবেশমুখে নির্মাণাধীন ইলিশ চত্বরের সংস্কারকাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। লাল-সবুজের সংমিশ্রণে মনোরম পরিবেশ নিশ্চিত করতে সুপরিকল্পিতভাবে এ সংস্কার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন শহরের প্রবেশমুখে অবস্থিত ইলিশ চত্বরের সংস্কারকাজ আকস্মিকভাবে পরিদর্শন করেন জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার।
পরিদর্শনকালে জেলা প্রশাসক সংস্কারকাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং কাজকে আরও সুন্দর, নান্দনিক ও জনবান্ধব করতে সংশ্লিষ্টদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে তিনি উপস্থিত সাধারণ মানুষের কাছ থেকেও বিভিন্ন পরামর্শ শোনেন এবং জনভোগান্তি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, কয়েক বছর আগে অপরিকল্পিতভাবে জেলা ব্র্যান্ডিংয়ের অংশ হিসেবে ইলিশের আদলে এই চত্বর নির্মাণ করা হয়। ছোট পরিসরে বড় আকারের স্থাপনা নির্মাণ এবং বাসস্ট্যান্ড সংলগ্ন অবস্থানের কারণে সেখানে নিয়মিত যানজটের সৃষ্টি হতো। এতে চরম ভোগান্তিতে পড়তে হতো চাঁদপুরবাসীকে।
চাঁদপুরবাসীর দীর্ঘদিনের এই ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে সাম্প্রতিক সময়ে ইলিশ চত্বরের সংস্কারকাজ শুরু করা হয়। নতুন পরিকল্পনায় লাল ও সবুজের সংমিশ্রণে ইলিশ চত্বরকে আরও আকর্ষণীয় ও জনবান্ধব করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, খুব শিগগিরই সংস্কারকাজ সম্পন্ন হলে নতুন রূপে ইলিশ চত্বর চাঁদপুরের সৌন্দর্য ও ব্র্যান্ডিংকে আরও সমৃদ্ধ করবে বলে আশা করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক