চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় একযোগে অভিযান চালিয়ে জিআর ও সাজাপ্রাপ্ত মামলার আট আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, চাঁদপুরের পুলিশ সুপার রবিউল হোসেনের নির্দেশনায় এবং হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল জব্বারের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে হাজীগঞ্জ থানায় কর্মরত একাধিক এএসআই ও সঙ্গীয় পুলিশ সদস্য অংশ নেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারদের মধ্যে কয়েকজন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় দায়ের করা মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। এছাড়া একাধিক আসামি পূর্বে দণ্ডপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
অভিযানের অংশ হিসেবে মকিমাবাদ, পিরোজপুর, এন্নাতলী, নোয়াদ্দা, ধড্ডা ও পূর্ব রাজারগাঁও এলাকায় অভিযান চালানো হয়। এসব অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের পাশাপাশি ডাকাতি ও নারী ও শিশু নির্যাতন মামলার এক আসামিকেও গ্রেপ্তার করা হয়।
হাজীগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আট আসামিকে সোমবার বিকেলে যথাযথ পুলিশ প্রহরায় চাঁদপুরের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

অনলাইন ডেস্ক :