প্রকাশের সময়: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ । ৬:৫০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক :

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি ও মশাবাহিত রোগ ডেঙ্গু প্রতিরোধে চাঁদপুর শহরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে চাঁদপুর সদর উপজেলা ব্র্যাকের আয়োজনে সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এখন সময়ের দাবি। আমাদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস, হাসপাতালসহ সর্বত্র নিয়মিত পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

তিনি আরও বলেন, ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচি সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে পরিবেশ পরিষ্কার রাখার কোনো বিকল্প নেই। এই অভিযানের মূল লক্ষ্য হলো ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগ সম্পর্কে স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং মশার সম্ভাব্য বংশবিস্তারস্থল ধ্বংস করা।

ডেঙ্গু প্রতিরোধ অভিযানে স্বেচ্ছাসেবক হিসেবে যুব রেড ক্রিসেন্ট চাঁদপুর জেলা ইউনিটের সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তারা শহরের পাল বাজার এলাকা ও আশপাশের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা, প্লাস্টিকের বোতল, ডাবের খোসা ও পরিত্যক্ত টায়ার পরিষ্কার করেন এবং সাধারণ মানুষকে সচেতন করেন।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. সাখাওয়াত হোসেন, ব্র্যাক জেলা সমন্বয়ক জিয়াউর রহমান, ব্র্যাক চাঁদপুর জেলা ব্যবস্থাপক গোলাম মোস্তফা, সদর উপজেলা ব্র্যাকের প্রোগ্রাম অফিসার আলমগীর হোসেন, সিসিএইচএ অফিসার বেলাল হোসেন, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আলাউদ্দিন, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. ইউসুফ, জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট মুহাম্মদ আজিজুল ইসলাম সবুজ, প্রধান সহকারী মো. সামছুল আলম এবং যুব রেড ক্রিসেন্টের যুব প্রতিনিধি ওমর বিন ইউসুফ চৌধুরী।

প্রিন্ট করুন