নাচ, গান ও দেশাত্মবোধক পরিবেশনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে ইনস্টিটিউট অব কমিউনিটি হেলথ–বাংলাদেশ (আইসিএইচ-বি) ও ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রফেসর কাজী আবুল মনসুর অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে কয়েকশ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ফিরোজুর রহমান নান্নু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিসিএইচ ট্রাস্টের পরিচালক সুকুমার চক্রবর্তী ও আইসিএইচ-বির প্রিন্সিপাল ডা. আমিন সাবের। সভাপতিত্ব করেন ডিটিএইচ ট্রাস্টের সদস্য কাজী হাবিবুর রহমান।
বক্তারা মুক্তিযুদ্ধের ইতিহাস, ত্যাগ ও চেতনার কথা তুলে ধরে তরুণ প্রজন্মকে দেশের প্রতি দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান।
আলোচনা পর্ব শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শিক্ষার্থীরা দলীয় ও একক নাচ-গান পরিবেশন করেন। সাংস্কৃতিক পর্বের শুরুতে দলীয় সংগীত ‘এক সাগর রক্তের বিনিময়ে’ পরিবেশন করেন অনি তাবাসসুম, জিনিয়া, নীল ও সাকিব।
পরবর্তীতে নিঝুম, অনি ও তার দল, দিপু, জিনিয়া, হিমু, অনি তাবাসসুম ও সুদীপ্ত দেশাত্মবোধক গান পরিবেশন করেন। গানের ফাঁকে ফাঁকে নৃত্য পরিবেশন করেন জারা, তন্নী, অনি, সেতু, মিতু ও ভাবনা। দলীয় নৃত্য পরিবেশনাও দর্শকদের দারুণভাবে মুগ্ধ করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবরিনা ও তাহমিনা।

নিজস্ব প্রতিবেদক :