প্রকাশের সময়: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫ । ৩:৩৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বুধবার জানাজা, জিয়া উদ্যানে চিরনিদ্রায় শায়িত হবেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। এরপর তাকে চন্দ্রিমা উদ্যানের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।

মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল এ সিদ্ধান্তের কথা জানান। বৈঠকে অংশ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানাজা ও দাফন সংক্রান্ত আনুষ্ঠানিক তথ্য তুলে ধরেন।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার থেকে টানা তিনদিন জাতীয় শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। জানাজা ও দাফন সম্পন্নে রাষ্ট্রীয় পর্যায়ে পূর্ণ সহায়তার নিশ্চয়তাও দেওয়া হয়েছে।

এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও হাইকমিশনে শোকবই খোলা হবে। জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে দেশ তার এক মহান অভিভাবককে হারিয়েছে; গণতন্ত্রের জন্য তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

প্রিন্ট করুন