দীর্ঘ দুই যুগের অবহেলা শেষে অবশেষে সংস্কারের আওতায় আসলো চাঁদপুর সদর উপজেলার রঘুনাথপুরের এলবি সি ক্যানেল। প্রায় ২৫ বছর অনুরক্ষিত থাকার পর সম্প্রতি ক্যানেলটির সংস্কারকাজ শুরু হয়েছে।
প্রায় ছয়–সাত মাস আগে এই ক্যানেল নিয়ে স্বচিত্র সংবাদ প্রকাশ এবং ভিডিও প্রতিবেদনের পর বিষয়টি নতুন করে নজরে আসে সংশ্লিষ্ট দপ্তরের। পরবর্তীতে বাস্তব পদক্ষেপ হিসেবে চলতি ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই শুরু হয় সংস্কার কার্যক্রম।
প্রথমে ক্যানেলের মুখ থেকে কাজ শুরু করে ধাপে ধাপে পুরো খালে জমে থাকা কচুরিপানা, আগাছা ও বহুদিনের জমাট ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। এরপর ভেকু মেশিনের মাধ্যমে পলি ও মাটি উত্তোলনের কাজ চলছে, যাতে স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করা যায়। পাশাপাশি খালের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়েছে। সংশ্লিষ্টদের দাবি, কয়েক দিনের মধ্যেই এ ধাপের কাজ শেষ হবে।
স্থানীয়দের অভিযোগ, প্রায় দুই দশকেরও বেশি সময় কোনো রক্ষণাবেক্ষণ না থাকায় প্রবাহমান এই ক্যানেলটি একসময় মৃত জলাশয়ে পরিণত হয়েছিল। এখন আবার সংস্কারকাজ শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন তারা। এলাকাবাসীর আশা, কাজ শেষ হলে কৃষি সেচ সুবিধা বাড়বে, পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং এলাকায় পরিবেশও কিছুটা স্বাভাবিক হবে।
তবে তাদের প্রত্যাশা, এটি যেন সাময়িক উদ্যোগে সীমাবদ্ধ না থাকে। নিয়মিত পরিষ্কার, রক্ষণাবেক্ষণ ও তদারকি নিশ্চিত করা গেলে রঘুনাথপুর এলবি সি ক্যানেল আবারও ফিরে পেতে পারে তার আগের প্রাণচাঞ্চল্য ও গুরুত্ব।

নিজস্ব প্রতিবেদক