ইরানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও অর্থনৈতিক সংকটের প্রতিবাদে চলমান বিক্ষোভ দমনে সহিংসতা হলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার নিজস্ব প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি লিখেন, “ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় এবং তাদের হত্যা করে, তাহলে যুক্তরাষ্ট্র উদ্ধারে এগিয়ে যাবে। আমরা সম্পূর্ণ প্রস্তুত— ‘লকড অ্যান্ড লোডেড।’”
ইরানের বিভিন্ন শহরে গত কয়েকদিন ধরে বিক্ষোভ চলছে। বৃহস্পতিবার বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত ছয়জন নিহত হয়েছেন বলে জানা গেছে। রাজধানী তেহরান থেকে শুরু হওয়া এই আন্দোলন ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়েছে।
ইরানের ফার্স নিউজ এজেন্সির তথ্যমতে, লোরদেগান শহরে দুইজন এবং লোরেস্তান প্রদেশের আজনা শহরে তিনজন নিহত হয়েছেন। এছাড়া কুহদাশতে সংঘর্ষে বাসিজ বাহিনীর এক সদস্য নিহত হওয়ার কথা জানিয়েছে রাষ্ট্রীয় টেলিভিশন।
এদিকে তাসনিম নিউজ এজেন্সি জানায়, যুক্তরাষ্ট্র ও ইউরোপভিত্তিক ইসলামি প্রজাতন্ত্রবিরোধী গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সাতজনকে গ্রেফতার করেছে ইরানি কর্তৃপক্ষ। তবে কখন তাদের গ্রেফতার করা হয়েছে— সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, ইরানে ২০২২ সালে মাশা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে বড় ধরনের বিক্ষোভ হয়েছিল। সেই সময় নিরাপত্তা বাহিনীর বহু সদস্যসহ শতাধিক মানুষের মৃত্যু হয়। বর্তমান পরিস্থিতি নিয়েও নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক :