প্রকাশের সময়: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬ । ১১:২৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর প্রেসক্লাবের সম্মাননায় ভূষিত বাংলাদেশের আলো সম্পাদক মফিজুর রহমান খান বাবু

নিজস্ব প্রতিবেদক

জাতীয় দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. মফিজুর রহমান খান বাবুকে সাংবাদিকতায় অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করেছে চাঁদপুর প্রেসক্লাব।

শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত ফ্যামিলি ডে, সাংবাদিক সম্মাননা ও পুরস্কার প্রদান, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথিসহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অ্যাডভোকেট শাহজাহান মিয়া, চাঁদপুর-৪ আসনের বিএনপির প্রার্থী লায়ন হারুনুর রশীদ এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশ।

সম্মাননা গ্রহণের প্রতিক্রিয়ায় মফিজুর রহমান খান বাবু বলেন, সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোর এক ধরনের সামাজিক দায়িত্ব। চাঁদপুর প্রেসক্লাবের মতো একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান থেকে এই স্বীকৃতি পাওয়া তাঁর জন্য গর্ব ও প্রেরণার।

তিনি আরও বলেন, গণমাধ্যম যদি স্বাধীনভাবে এবং জনস্বার্থে কাজ করার সুযোগ পায়, তাহলে সমাজ ও রাষ্ট্র উপকৃত হবে।
অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ ছাড়াও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন