বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহদী আমিন। তিনি বর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।
রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচনি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র হিসেবে মাহদী আমিন নিয়মিত গণমাধ্যমকে ব্রিফিং প্রদান করবেন এবং দলীয় অবস্থান ও সিদ্ধান্ত তুলে ধরবেন।
এর আগে একইদিন বিএনপির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনাবিষয়ক কেন্দ্রীয় কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।
উল্লেখ্য, নির্বাচন পরিচালনার প্রস্তুতি জোরদার করতে গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে ৪১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে বিএনপি। এতে সদস্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে। পাশাপাশি কমিটির প্রধান সমন্বয়ক হিসেবে নিয়োগ পান মো. ইসমাইল জবিউল্লাহ।

নিজস্ব প্রতিবেদক