চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম এন জামিউল হিকমা।
সভায় ইউএনও বলেন, সরকারি উন্নয়ন কর্মসূচির সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হলে সরকারি ও বেসরকারি সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় অপরিহার্য। প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি প্রকৃত উপকারভোগীরা যেন এর সুবিধা পান, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে হবে।
তিনি আরও বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি নিয়মিত মনিটরিং জোরদার করা গেলে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। শিক্ষা, স্বাস্থ্য, নারী ও শিশু উন্নয়ন, সামাজিক নিরাপত্তা এবং দারিদ্র্য বিমোচনে এনজিওগুলোর ভূমিকা আরও কার্যকর করতে হবে।
সভায় বক্তব্য দেন এনজিও সমন্বয় পরিষদের সভাপতি সেলিম পাটোয়ারী, ব্রাক জেলা সমন্বয়ক জিয়াউর রহমান, সিসিডিএ’র সদর উপজেলা সমন্বয়ক নার্গিস আক্তার, স্কয়ার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক বি এম হাসান এবং উপজেলা পরিষদের উপ-প্রশাসনিক কর্মকর্তা নাসির হোসেন।
এসময় বিভিন্ন এনজিও প্রতিনিধি তাদের চলমান কার্যক্রম তুলে ধরার পাশাপাশি মাঠপর্যায়ে বাস্তবায়নের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। সভা থেকে ভবিষ্যতে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও বেগবান করার আশাবাদ ব্যক্ত করা হয়।

নিজস্ব প্রতিবেদক :