চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে কুকুরের কামড়ের জলাতঙ্ক (র্যাবিস) ভ্যাকসিনের তীব্র সংকট দেখা দিয়েছে। ফলে চিকিৎসা নিতে আসা রোগীরা চরম দুর্ভোগ ও অতিরিক্ত খরচের মুখে পড়ছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত বছরের ৯ নভেম্বর থেকে হাসপাতালে র্যাবিস ভ্যাকসিনের সরবরাহ বন্ধ রয়েছে। প্রায় দুই মাস ধরে এই সংকট চলায় প্রতিদিন কুকুরের কামড়ে আহত রোগীরা ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ছেন।
ভ্যাকসিন না থাকায় অনেক রোগীকে বাধ্য হয়ে বেসরকারি ফার্মেসি ও ক্লিনিক থেকে উচ্চমূল্যে ভ্যাকসিন কিনতে হচ্ছে। আর্থিকভাবে অসচ্ছল রোগীদের ক্ষেত্রে একাধিক ব্যক্তি মিলে অর্থ সংগ্রহ করে ভ্যাকসিন কেনার ঘটনাও ঘটছে।
ভুক্তভোগীরা অভিযোগ করেন, সরকারি হাসপাতালে বিনামূল্যে ভ্যাকসিন পাওয়ার কথা থাকলেও তা না থাকায় নিম্ন ও মধ্যবিত্ত মানুষ মারাত্মক চাপের মধ্যে পড়েছেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহাবুবুর রহমান জানান, ভ্যাকসিন সরবরাহের জন্য সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার চিঠি দেওয়া হলেও এখনো বরাদ্দ পাওয়া যায়নি। চলতি ২০২৫ সালের মধ্যেও নতুন করে ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।
চিকিৎসকদের মতে, সময়মতো র্যাবিস ভ্যাকসিন না পেলে আক্রান্ত ব্যক্তির জীবন চরম ঝুঁকিতে পড়ে, কারণ জলাতঙ্ক একটি শতভাগ প্রাণঘাতী রোগ।
এ অবস্থায় ভুক্তভোগী ও সচেতন মহল দ্রুত চাঁদপুর সরকারি হাসপাতালে জলাতঙ্ক ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করতে স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।

নিজস্ব প্রতিবেদক :