কবি ও কথাসাহিত্যিক নুরুন্নাহার মুন্নি-কে প্রদান করা হয়েছে ‘শব্দকথা সাহিত্য পুরস্কার ২০২৫’। সাহিত্যচর্চায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁর কাব্যগ্রন্থ ‘ভ্রূণফুল’-এর জন্য এ সম্মাননা প্রদান করা হয়।
শনিবার (১০ জানুয়ারি) হবিগঞ্জ শিল্পকলা একাডেমিতে শব্দকথা প্রকাশনের আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কারটি তুলে দেন বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেখক, প্রকাশক ও সম্পাদক মনসুর আহমেদ। এ সময় বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে হবিগঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিকরা উপস্থিত ছিলেন।
সম্মাননা প্রদানকালে নুরুন্নাহার মুন্নিকে উত্তরীয়, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
১৯৮৩ সালে চাঁদপুরে জন্মগ্রহণ করা নুরুন্নাহার মুন্নি প্রাণিবিদ্যায় সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। শিক্ষকতা পেশায় যুক্ত থাকার পাশাপাশি বর্তমানে তিনি নিয়মিত লেখালেখি ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়। কবিতা, গল্প ও প্রবন্ধ—এই তিন শাখাতেই তাঁর সাহিত্যচর্চা বিস্তৃত।
তিনি সাহিত্য একাডেমি, চাঁদপুর-এর নির্বাহী সদস্য এবং চর্যাপদ সাহিত্য একাডেমি-এর প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসেবে পাঁচ বছর দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি নিয়মিত লিটল ম্যাগাজিন ‘আখ্যান’ সম্পাদনা করছেন।
তাঁর প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে— আধখোলা জানালার আলাপ, কেউ থাকে অন্ধকারে (কাব্যগ্রন্থ), গণতন্ত্রে পুরুষতন্ত্র (গল্পগ্রন্থ) এবং ভ্রূণফুল (কাব্যগ্রন্থ)।
লেখালেখিতে অবদানের স্বীকৃতিস্বরূপ এর আগেও তিনি ময়মনসিংহ লোক সাহিত্য পুরস্কার ২০২৫, সমতটের কাগজ গুণীজন সম্মাননা (২০২১), ফ্রেন্ডস অব হিউম্যানিটি বাংলাদেশ অ্যাওয়ার্ড (২০২২) এবং মুন্সীগঞ্জ সাহিত্য পরিষদ সম্মাননা (২০২৩)-সহ একাধিক পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন।

অনলাইন ডেস্ক :