দেশের ফ্রিল্যান্সিং খাতকে প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় আনতে চালু হচ্ছে জাতীয় ফ্রিল্যান্সার নিবন্ধন ও পরিচয়পত্র ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম। এ লক্ষ্যে তৈরি দেশের প্রথম ডিজিটাল ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম freelancers.gov.bd-এর নিরাপত্তা যাচাই কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।
আগামী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উদ্যোগে বাস্তবায়িত এ প্ল্যাটফর্মের মাধ্যমে ফ্রিল্যান্সাররা প্রথমবারের মতো সরকারি স্বীকৃত ডিজিটাল পরিচয়পত্র—ফ্রিল্যান্সার আইডি—পাওয়ার সুযোগ পাবেন।
এই পরিচয়পত্র ব্যবহার করে নিবন্ধিত ফ্রিল্যান্সাররা সহজে ব্যাংকিং সেবা, ঋণ ও ক্রেডিট কার্ড সুবিধা, বিভিন্ন আর্থিক প্রণোদনা এবং সরকারি-বেসরকারি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন। পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও বাংলাদেশের ফ্রিল্যান্সারদের পেশাগত গ্রহণযোগ্যতা ও
বিশ্বাসযোগ্যতা আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
freelancers.gov.bd প্ল্যাটফর্মটি একটি কেন্দ্রীয় জাতীয় ফ্রিল্যান্সার ডাটাবেজ হিসেবেও কাজ করবে। এখানে ফ্রিল্যান্সারদের সংখ্যা, দক্ষতা, কাজের ক্ষেত্র, অভিজ্ঞতা ও বাজারভিত্তিক তথ্য সংরক্ষণ ও নিয়মিত হালনাগাদ করা হবে। এসব তথ্য নীতিনির্ধারণ, গবেষণা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই উদ্যোগের ফলে ব্যাংক, সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি খাতের সঙ্গে ফ্রিল্যান্সারদের সংযোগ আরও সহজ ও কার্যকর হবে। একই সঙ্গে দেশের ডিজিটাল অর্থনীতিতে গতি সঞ্চার, তরুণদের আত্মকর্মসংস্থান বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, জাতীয় ফ্রিল্যান্সার পরিচয়পত্র চালুর মাধ্যমে বাংলাদেশ ফ্রিল্যান্সিং খাতকে একটি নিরাপদ, স্বচ্ছ ও আধুনিক প্রাতিষ্ঠানিক ব্যবস্থার আওতায় নিয়ে আসার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করল।

নিজস্ব প্রতিবেদক :