চালের বাজারদর নিয়ন্ত্রণে রাখতে এবং সাধারণ মানুষের জন্য খাদ্য সহায়তা বাড়াতে আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে দেশের ৪১৯টি উপজেলায় অতিরিক্ত ওপেন মার্কেট সেল (ওএমএস) কার্যক্রম চালু করেছে সরকার।
এই কর্মসূচির আওতায় প্রতিটি উপজেলায় প্রতিদিন এক টন করে চাল বিক্রি করা হবে। নির্ধারিত এই চালের মূল্য কেজিপ্রতি ৩০ টাকা।
খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদ্যমান ওএমএস (সাধারণ) কার্যক্রমের পাশাপাশি এই অতিরিক্ত কর্মসূচি পরিচালিত হবে।
বর্তমানে সারাদেশে ওএমএস (সাধারণ) কর্মসূচির আওতায় ১২টি সিটি কর্পোরেশন, ৫২টি জেলা সদর পৌরসভা, ১৫টি শ্রমঘন উপজেলা ও ৫টি শ্রমঘন পৌরসভাসহ মোট ১ হাজার ৮১টি কেন্দ্রে ভর্তুকি মূল্যে খাদ্যশস্য বিক্রি করা হচ্ছে। এসব কেন্দ্র থেকে প্রতিদিন ১ হাজার ৪১৭ দশমিক ৫ টন আটা এবং ১ হাজার ১৭৫ টন চাল সরবরাহ করা হচ্ছে।
ওএমএসের আওতায় খোলা আটা কেজিপ্রতি ২৪ টাকা এবং ২ কেজি প্যাকেট আটা ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি চালের মূল্য নির্ধারণ করা হয়েছে কেজিপ্রতি ৩০ টাকা।
খাদ্য মন্ত্রণালয় জানায়, দেশে পর্যাপ্ত খাদ্য মজুত থাকা সত্ত্বেও কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে সরু চালের দাম বেড়েছে, যা স্বাভাবিক নয়। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে মাঝারি ও মোটা চালের বাজারদর বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
সরকারের এই উদ্যোগের মাধ্যমে চালের বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে এবং নিম্ন ও মধ্যম আয়ের মানুষ সরাসরি উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক