প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬ । ৫:৪৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নির্বাচনে প্রার্থীদের ঋণ ১৮ হাজার ৮৬৮ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের একটি উল্লেখযোগ্য অংশ বিপুল অঙ্কের ঋণ ও আর্থিক দায় বহন করছেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানিয়েছে, এবারের নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রায় ২৫ দশমিক ৫ শতাংশ ঋণগ্রস্ত। এসব প্রার্থীর মোট ঋণ ও দায়ের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৬৮ কোটি ৫২ লাখ টাকা।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত ‘নির্বাচনে হলফনামায় প্রার্থী পরিচিতি: ত্রয়োদশ সংসদ নির্বাচন–২০২৬’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করে টিআইবি।

সংবাদ সম্মেলনে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবির আউটরিচ ও কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম। তিনি জানান, সাম্প্রতিক পাঁচটি জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনে ঋণগ্রস্ত প্রার্থীর হার কিছুটা কমেছে। তবে মোট ঋণ ও দায়ের পরিমাণ এর আগে কখনও এত বেশি ছিল না।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, চলতি নির্বাচনে অংশ নেওয়া ৫৩০ জন প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা রয়েছে, যা মোট প্রার্থীর ২২ দশমিক ৬৬ শতাংশ। আগের জাতীয় সংসদ নির্বাচনে মামলাসংক্রান্ত প্রার্থী ছিলেন ৭৪০ জন, যা তখন মোট প্রার্থীর ৩১ দশমিক ৬৪ শতাংশ ছিল।
এছাড়া এবারের নির্বাচনে কোটিপতি প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৯১ জন।

প্রার্থীদের দাখিল করা হলফনামায় উল্লেখিত স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য বিশ্লেষণ করে এ হিসাব করা হয়েছে। এর মধ্যে ২৭ জন প্রার্থী শতকোটির বেশি সম্পদের মালিক বলে জানিয়েছে টিআইবি।

প্রতিবেদনে টিআইবি নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রার্থীদের আয়, সম্পদ ও ঋণ সংক্রান্ত তথ্যের যথাযথ যাচাই ও নিয়মিত পর্যবেক্ষণের ওপর গুরুত্বারোপ করে।

প্রিন্ট করুন