বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী জননেতা এডভোকেট মোঃ শাহজাহান মিয়ার ‘দাঁড়িপাল্লা’ মার্কার সমর্থনে উত্তাল হয়ে উঠেছে চাঁদপুর-৩ (সদর–হাইমচর) আসন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) জোহরের নামাজ শেষে জাফরাবাদ আহমদীয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে নতুন বাজার–পুরান বাজার সেতু হয়ে গণসংযোগ কর্মসূচি শুরু করেন তিনি। পরে পুরান বাজারের বিভিন্ন পাড়া-মহল্লায় ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।
গণসংযোগকালে “ এডভোকেট শাহজাহান মিয়ার সালাম নিন, দাঁড়িপাল্লায় ভোট দিন” — এই স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এ সময় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম সদস্য সচিব তামিম খান বলেন, “১১ দলীয় ঐক্যের পূর্ণ সমর্থন নিয়ে এডভোকেট শাহজাহান মিয়া ভাইকে চাঁদপুর-৩ আসন থেকে বিজয়ী করে সংসদে পাঠানো সময়ের দাবি। ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রতীক ‘দাঁড়িপাল্লা’ মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
গণসংযোগে বক্তব্য রাখতে গিয়ে এডভোকেট শাহজাহান মিয়া বলেন, “‘হ্যাঁ’ ভোটের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশে দুর্নীতিবাজ তৈরির রাস্তা বন্ধ হবে। একই ব্যক্তি পরপর দুইবার প্রধানমন্ত্রী হওয়ার পর তৃতীয়বার হওয়ার পথ রুদ্ধ হবে। ভারতীয় আধিপত্যবাদের প্রভাব বন্ধ হয়ে ইনসাফের রাস্তা উন্মুক্ত হবে।
এ সময় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলা আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী আব্দুস শুকুর মোস্তান, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব তামিম খান, খেলাফত মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক মোঃ নোয়াইম, জামায়াতে ইসলামী চাঁদপুর শহর সেক্রেটারি বেলায়েত হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর শহর শাখার সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক এ এম ইদ্রিস খান এবং উপজেলা আইটি ও মিডিয়া বিভাগের সেক্রেটারি জুবায়ের হোসেন রাকিবসহ জামায়াত ও জোটভুক্ত বিভিন্ন দলের নেতৃবৃন্দ।
গণসংযোগ শেষে স্থানীয় ভোটাররা বলেন, দীর্ঘদিনের বঞ্চনা ও অবহেলার অবসান ঘটাতে তারা পরিবর্তনের পক্ষে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিতে প্রস্তুত।

মুহাম্মদ বাদশা ভূঁইয়া