প্রকাশের সময়: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ । ২:১০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়া শাজুলিয়া দরবার শরীফের বার্ষিক মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন

স্টাফ রিপোর্টার :

চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী শাজুলিয়া দরবার শরীফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দুই দিনব্যাপী বার্ষিক মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার শুরু হওয়া এ মাহফিল শনিবার বাদ জোহরের আখেরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।

মাহফিলে সভাপতিত্ব করেন এবং আখেরি মুনাজাত পরিচালনা করেন শাজুলিয়া দরবার শরীফের বর্তমান পীর আবুল হাসান শাহ মুহাম্মাদ রুহুল্লাহ শাজুলি। পুরো আয়োজন সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন পীরজাদা শাহ মুহাম্মাদ নূরুল্লাহ শাজুলি এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পীরজাদা সাইয়্যেদ শাহ মুহাম্মাদ আতাউল্লাহ শাজুলি।

মাহফিল উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে ছিল খতমে কুরআন, শাজুলিয়া শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা, মরহুম হযরত ফায়েজ উল্লাহ শাজুলি (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা, হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের পাগড়ি পরানো ও উপহার প্রদান, তা’লিমে জিকর এবং দেশ-বিদেশের বরেণ্য পীর-মাশায়েখ ও ওলামায়ে কেরামের হৃদয়স্পর্শী ওয়াজ ও নসিহত।

শনিবার বাদ জোহর দরবার শরীফের পীরের আখেরি মুনাজাতের মাধ্যমে মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হয়। এরপর উপস্থিত আশেকান ও ভক্তদের মাঝে তাবারুক বিতরণ করা হয়।

দুই দিনব্যাপী এই মাহফিলে দেশ-বিদেশ থেকে আগত হাজারো ভক্ত, মুরিদান ও ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে শাজুলিয়া দরবার শরীফ পরিণত হয় এক পবিত্র মিলনমেলায়। ধর্মীয় শিক্ষা, আত্মশুদ্ধি ও ইসলামী মূল্যবোধ জাগ্রত করার এই আয়োজন এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

প্রিন্ট করুন