প্রকাশের সময়: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ । ২:১৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, স্বর্ণালঙ্কার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এক প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের নারায়ণপুর গ্রামের প্রধানীয়া বাড়িতে প্রবাসী ইব্রাহিম খলিলের বসতঘরে এ চুরির ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, চোরের দল ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে প্রায় ২ ভরি স্বর্ণালঙ্কার, মূল্যবান দলিলপত্র, আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়। এ সময় ঘরের ভেতরের আসবাবপত্র ও আলমারিগুলো ভেঙে ব্যাপক তছনছ করা হয়।

প্রবাসী ইব্রাহিম খলিলের মা রাশিদা বেগম জানান, শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে বসতঘরে তালা লাগিয়ে তিনি পাশের মেয়ের ঘরে রাত যাপন করেন। শনিবার ভোররাতে ফজরের নামাজ আদায় করতে এসে তিনি দেখতে পান ঘরের দরজা ও তালা খোলা। পরে ভেতরে প্রবেশ করে দেখেন স্টিলের আলমারিসহ ঘরের প্রতিটি কক্ষের আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে এবং সবকিছু এলোমেলো অবস্থায় পড়ে আছে।

তিনি আরও বলেন, চোরেরা পরিকল্পিতভাবে প্রতিটি আলমারি ও ওয়ারড্রব ভেঙে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে।
এ বিষয়ে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, বিষয়টি সম্পর্কে তিনি এখনো অবগত নন। কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট করুন