একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়তে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ–শাহরাস্তি) আসনের বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।
শনিবার (৩১ জানুয়ারি) শাহরাস্তি উপজেলার সুচিপাড়া উত্তর ইউনিয়নের শোরসাক ও সুচিপাড়া বাজার এবং সুচিপাড়া দক্ষিণ ইউনিয়নের দিকদাইর ও নরিংপুর এলাকায় আয়োজিত একাধিক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পথসভায় ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে তারেক রহমানের নেতৃত্বে একটি মানবিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। নারীদের কল্যাণে বিশেষ উদ্যোগ নেওয়া হবে এবং ফ্যামিলি কার্ড পেতে কোনো ধরনের তদবিরের প্রয়োজন হবে না। বর্তমানে যারা সামাজিক নিরাপত্তা ভাতা পাচ্ছেন, তারা নিয়মিতভাবে তা পেতে থাকবেন। প্রকৃত কৃষকদের হাতে কৃষি কার্ড পৌঁছে দেওয়া হবে এবং ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সম্মানজনক ভাতা চালু করা হবে।
তিনি আরও বলেন, গত ১৬ বছরে বিএনপির অসংখ্য নেতাকর্মী মামলা, হামলা ও নির্যাতনের শিকার হলেও বিএনপি কখনো প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপি ক্ষমতায় গেলে এক কোটি মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে। জোরপূর্বক দোকান দখল, চাঁদাবাজি কিংবা দরবারের নামে অনিয়মের সংস্কৃতি বন্ধ করা হবে।
সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনেরা যেন নিজেদের জমিজমা অন্যের কাছে বিক্রি না করে পারস্পরিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করেন। বিএনপির শাসনামলে সব ধর্মের মানুষ নিরাপদ ও সম্মানের সঙ্গে বসবাস করবে।
তিনি বলেন, তারেক রহমানের প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত হলে জনগণের প্রতিনিধি হিসেবে এলাকার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে নিরলসভাবে কাজ করবেন।
পথসভাগুলোতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান পাটোয়ারী, উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মো. মোস্তফা কামাল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পাটওয়ারী, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাইফুল করিম মিনার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শাহেদুল হক মজুমদার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এবিএম পলাশ ও সদস্য সচিব আজগর হোসেন মিয়াজী, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম জুয়েলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ সময় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ ভোটার ও সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

নিজস্ব প্রতিবেদক :