প্রকাশের সময়: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ । ২:৩৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুরের শাহরাস্তিতে পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ। অভিযানে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে থানা পুলিশের একাধিক টিম এ অভিযান পরিচালনা করে।

থানা সূত্রে জানা যায়, এসআই (নিঃ) শফিকুল ইসলামের নেতৃত্বে উঘারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে শাহরাস্তি থানাধীন কোয়ার বাজার এলাকায় আল মিজান চায়ের দোকানের সামনে অভিযান চালায়।

এ সময় নোয়াপাড়া (দিঘীর উত্তর পাড় পাটোয়ারী বাড়ি) এলাকার আবুল কাশেমের ছেলে পারভেজ (৩০) কে ১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার এফআইআর নম্বর–২১।

অপরদিকে, একই দিনে এসআই (নিঃ) মোহাম্মদ আল আমিন ভূঁইয়ার নেতৃত্বে থানা পুলিশের আরেকটি টিম রাত ৯টা ১০ মিনিটে শাহরাস্তি পৌরসভার পূর্ব উপলতা এলাকায় উপলতা জামে মসজিদের পূর্ব পাশে দুলাল স্টোরের সামনে অভিযান পরিচালনা করে। অভিযানে উপলতা (হাজী বাড়ি) এলাকার আব্দুল ছাত্তারের ছেলে আব্দুল্লাহ আল তানিম (১৯) কে ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা রুজু করা হয়। মামলার এফআইআর নম্বর–২২, জিআর নম্বর–২২।
থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

প্রিন্ট করুন