চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, দীর্ঘ ১৭ বছর ধরে দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত ছিল। ফলে জনগণ তাদের ন্যায্য অধিকার হারিয়েছে। তবে ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই অধিকার পুনরুদ্ধারের একটি নতুন দ্বার উন্মোচিত হয়েছে।
তিনি বলেন, আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এ সুযোগ কাজে লাগিয়ে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণকে তাদের মতামত প্রকাশ করতে হবে।
শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) বিকেলে ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের গৃদকালিন্দিয়া স্কুল মাঠে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
লায়ন হারুনুর রশিদ বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক বিএনপির নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’-এ ভোট দিয়েই গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে। বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, এই কর্মসূচিতে নারীদের জন্য রয়েছে নানামুখী কল্যাণমূলক উদ্যোগ। এসব সুযোগ নিশ্চিত করতে হলে সবাইকে ভোটাধিকার প্রয়োগে সচেতন হতে হবে।
তিনি আরও বলেন, বিএনপি একটি ঐক্যবদ্ধ দল এবং একটি প্রতীকের মধ্যেই দলীয় শক্তি ও আদর্শ নিহিত। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে অন্য কোনো প্রতীকে বিভ্রান্ত না হওয়ার জন্য নেতা-কর্মী ও সমর্থকদের প্রতি তিনি বিশেষভাবে আহ্বান জানান।
ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন খানের সভাপতিত্বে এবং জেলা যুবদলের সদস্য সোহেল খানের সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট দুলাল মিয়া পাটওয়ারী, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, বিএনপি নেতা ও প্রবাসী বিপ্লব খান, রূপসা দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা বিল্লাল হোসেন খান, সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান ফজলু, সাবেক সংসদ সদস্যের পুত্র সাদমান সাকিব অপূর্ব, স্বেচ্ছাসেবক দলের নেতা মানিক পাটওয়ারীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
পথসভায় স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ সমর্থকদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়।

নিজস্ব প্রতিবেদক :