সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও চাঁদপুর-১ (কচুয়া) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। বিএনপিও প্রতিযোগিতামূলক রাজনীতিতে বিশ্বাস করে এবং গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়েই দেশ পরিচালনা করতে চায়।
রবিবার বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলার দুর্গাপুর বাজারে স্থানীয় বিএনপির আয়োজনে এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মিলন বলেন, “আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি। তারা আছে, থাকবে এবং তাদের রাজনৈতিক কার্যক্রমও চলবে। আমরা প্রতিযোগিতামূলক রাজনীতিতে বিশ্বাস করি।” তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগও জানে—দেশের জন্য কোন ধরনের সরকার প্রয়োজন।
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “যেহেতু এবার তাদের কোনো প্রতীক নেই, তারা বুঝতে পারছে কে উন্নয়ন করবে। আমি আশা করি, তারা তাদের ইমানী দায়িত্ব থেকে আমাকে ভোট দেবেন।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগের সঙ্গে আমার ব্যক্তিগত বা রাজনৈতিক কোনো বিরোধ নেই। সবাইকে নিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে রাজনীতি করতে চাই।” একইসঙ্গে তিনি অতীত রাজনৈতিক বাস্তবতার প্রসঙ্গ টেনে বলেন, রাজনীতিতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাস্তবতা ও ভবিষ্যৎ বিবেচনা করা জরুরি।
পথসভায় উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. কামরুজ্জামান কামরুলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির উপদেষ্টা মামুনুর রশিদ মোল্লা, উপজেলা বিএনপির ভাইস প্রেসিডেন্ট জাহাঙ্গীর আলম মজুমদার, উপজেলা উত্তর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মিয়াজী, উপজেলা বিএনপির সদস্য আব্দুল মতিন মোল্লা, উপজেলা কৃষক দলের সভাপতি মিজানুর রহমান মোল্লা, বিতারা পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. আনিসুর রহমান মিয়াজী, সিনিয়র সহ-সভাপতি আবু তাহের, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক রহিজ উদ্দিন প্রধান।
এছাড়াও ওয়ার্ড যুবদলের সভাপতি আলী আরশাদ ভূঁইয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পথসভায় এলাকার প্রতিটি গ্রাম থেকে নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

নিজস্ব প্রতিবেদক :