কচুয়া উপজেলায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন খাদিজা আক্তার (৩০), মাহমুদুল হাসান (৩৬) ও শিউলি আক্তার (৪০)।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এর জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, সকাল সাড়ে ৮টার দিকে চাঁদপুর থেকে তিনজন দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে মোছা. খাদিজা আক্তার ৩৫ শতাংশ, মাহমুদুল হাসান ৪ শতাংশ এবং মোছা. শিউলি আক্তার ২ শতাংশ দগ্ধ হয়েছেন।
তিনি আরও জানান, খাদিজা আক্তারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে জরুরি বিভাগে পর্যবেক্ষণে (অবজারভেশনে) রাখা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক