প্রকাশের সময়: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ । ৫:৫০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আমি কোনো পারসেন্টিজ খাই না, কমিশনও খাই না : এমপি ড. জালাল

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনের সংসদ সদস্য ড. মো. জালাল উদ্দিন বলেছেন, মাদক কারবারি ও মাদক সেবনকারী, ভূমিদস্যু ও সন্ত্রাসীদের মতলবের মাটিতে কোনো স্থান হবে না। তিনি বলেন, “সে আমার দলের লোক হলেও তার ঠিকানা হবে জেলখানা। সন্ত্রাস–মাদক–চাঁদাবাজ নির্মূলে কোনো আপস নেই।”

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে মতলব দক্ষিণ উপজেলার ঢাকিরগাঁও বালুর মাঠে উপজেলা বিএনপি, মতলব পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এমপি ড. জালাল উদ্দিন বলেন, থানায় বা কোনো প্রশাসনিক দপ্তরে কেউ তার নাম ব্যবহার করে অপরাধ করলে তাকেও ছাড় দেওয়া হবে না। পুলিশ কোনো অনিয়ম করলে তা তাকে জানাতে বলেন এবং ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তবে আইন ভঙ্গের কোনো সুযোগ থাকবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

তিনি আরও বলেন, “অবৈধ পথে আমি এক টাকাও খাই না। আমি কোনো পারসেন্টিজ খাই না, কমিশনও খাই না। আমার নাম ভাঙিয়ে কেউ অপরাধ করলে তাকে ধরে পুলিশের হাতে তুলে দেবেন। আইন আইনের গতিতেই চলবে।”

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করবেন উল্লেখ করে তিনি বলেন, জনগণের দাবি-দাওয়া শুনে সাধ্যমতো সমাধান করবেন। স্কুল–কলেজ, হাসপাতাল, ভূমি অফিসসহ বিভিন্ন সরকারি দপ্তরে কোনো অনিয়ম বরদাশত করা হবে না বলেও জানান তিনি।

সভায় সভাপতিত্ব করেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল এবং সঞ্চালনা করেন মতলব পৌর বিএনপির সভাপতি মো. শোয়েব আহমেদ সরকার। বক্তব্য দেন নায়েরগাঁও উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মহসিন প্রধান ও উপাদী উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন খান।

অনুষ্ঠানে উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। শেষ পর্বে নবনির্বাচিত সংসদ সদস্য ড. জালাল উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানান নেতাকর্মীরা।

প্রিন্ট করুন