পাবনার ঈশ্বরদী উপজেলা-তে গভীর রাতে এক হৃদয়বিদারক ঘটনায় দাদীকে হত্যা এবং নাতনিকে অপহরণ করে হত্যা করার অভিযোগ উঠেছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতের কোনো এক সময়ে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানিপুর উত্তরপাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন ভবানিপুর উত্তরপাড়ার জয়নাল খাঁর মেয়ে জামিলা আক্তার (১৫) এবং তার দাদী সুফিয়া খাতুন (৬৫)।
স্থানীয়দের বরাতে জানা যায়, মধ্যরাতে হঠাৎ কান্নার শব্দ পেয়ে কয়েকজন প্রতিবেশী বাইরে বের হলেও পরিস্থিতি শান্ত হয়ে গেলে তারা ফিরে যান। সকালে বাড়ির উঠানে সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে পরিবারের সদস্যরা জামিলাকে খোঁজাখুঁজি করলে বাড়ির অদূরে একটি সরিষাক্ষেতে তার মরদেহ পাওয়া যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং তদন্ত কার্যক্রম শুরু করেছে।
এ বিষয়ে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনলাইন ডেস্ক :