সরকারি দপ্তরের কোনো কর্মকর্তা দুর্নীতিতে জড়িত হলে কেবল শাস্তিমূলক ব্যবস্থা নয়—চাকরিচ্যুতি ও ফৌজদারি মামলার মুখোমুখি হতে হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়-এ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, “কোনো সরকারি কর্মকর্তা দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রমাণ পাওয়া গেলে চাকরি যাবে, পাশাপাশি মামলা হবে।” তিনি আরও জানান, সরকার আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি উল্লেখ করেন, দেশে মামলার জট একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ জট নিরসনে প্রয়োজনীয় কাঠামোগত ও প্রক্রিয়াগত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে নরসিংদীর আলোচিত ধর্ষণ মামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, অপরাধীদের কেউ আশ্রয় দিলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আইনমন্ত্রী আরও জানান, আসন্ন সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তীকালীন সময়ে জারি হওয়া সাংবিধানিক অধ্যাদেশগুলো সংসদে উপস্থাপন করা হবে।
এ সময় জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজ আফজাল এবং জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক :