প্রকাশের সময়: রবিবার, ১ মার্চ, ২০২৬ । ৭:২৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সুষ্ঠু পরিবেশ না থাকার অভিযোগে চাঁদপুর বারের নির্বাচন বর্জন জামায়াত সমর্থিত প্যানেলের

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুর জেলা আইনজীবী সমিতি-এর আসন্ন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে জামায়াত-সমর্থিত ঐক্যবদ্ধ আইনজীবী কল্যাণ পরিষদের পূর্ণাঙ্গ প্যানেল।

রোববার (১ মার্চ) দুপুর সাড়ে ১২টার পর সমিতির কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে ১৫ সদস্যের প্যানেলের সব প্রার্থী নিজ নিজ মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

প্যানেলটির নেতারা অভিযোগ করেন, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু নয় এবং বহিরাগতদের মাধ্যমে তাদের প্রার্থীদের শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি করেন তারা।

ঐক্যবদ্ধ আইনজীবী কল্যাণ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেন, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তাদের প্রার্থীদের ওপর বহিরাগতদের হামলার ঘটনা ঘটে। সমিতি ভবনের সিসিটিভি ক্যামেরায় ঘটনাটি ধারণ হওয়ার কথা থাকলেও রহস্যজনকভাবে ওই সময় ক্যামেরা বন্ধ ছিল বলেও অভিযোগ করেন তিনি।

এ পরিস্থিতিতে বর্তমান নির্বাচন প্রক্রিয়া বর্জনের ঘোষণা দিয়ে তারা নির্বাচন তফসিল স্থগিত করে পুনঃতফসিল ঘোষণার মাধ্যমে নতুন করে নির্বাচন আয়োজনের দাবি জানান। তাদের ভাষ্য, নিরপেক্ষ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত না হলে নির্বাচনে অংশগ্রহণ সম্ভব নয়।

নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট জহির উদ্দিন বাবর মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রিন্ট করুন