প্রকাশের সময়: রবিবার, ১ মার্চ, ২০২৬ । ৭:৪২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ডাকাতিয়া নদীর দুই অসমাপ্ত সেতুর কাজ দ্রুত শেষের ঘোষণা ইঞ্জি. মমিন এমপির

নিজস্ব প্রতিবেদক :

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে শাহরাস্তিতে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে শাহরাস্তির মেহের ডিগ্রি কলেজ প্রাঙ্গণে উপজেলা ও পৌরসভা বিএনপির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ–শাহরাস্তি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব লায়ন ইঞ্জি. মমিনুল হক।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জি. মমিনুল হক এমপি বলেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাজীগঞ্জ ও শাহরাস্তির জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করায় তিনি কৃতজ্ঞ। তিনি এলাকার সার্বিক উন্নয়নে সর্বাত্মকভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নির্দেশনায় এলাকায় গুরুত্বপূর্ণ খাল সংস্কার, জনদুর্ভোগপূর্ণ সড়ক উন্নয়নসহ বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। একই সঙ্গে ডাকাতিয়া নদীর ওপর দীর্ঘদিন ধরে অসমাপ্ত থাকা দুটি সেতুর কাজ দ্রুত সম্পন্ন করার ঘোষণা দেন। শাহরাস্তিতে একটি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

ইঞ্জি. মমিন এমপি বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থেকে যোগ্য জনপ্রতিনিধি নির্বাচিত করতে হবে। সমাজ সংস্কারের লক্ষ্যে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ দমনে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা রমজানের শিক্ষা ও মানবিক মূল্যবোধ রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনে ধারণ করার ওপর গুরুত্বারোপ করেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

প্রিন্ট করুন