প্রকাশের সময়: বুধবার, ৪ মার্চ, ২০২৬ । ১২:৫৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ১২৪তম দোল উৎসবের শুভ সূচনা, গোপাল জিউর আখড়ায় ৪০ প্রহরের মহা নামযজ্ঞ

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী গোপাল জিউর আখড়া প্রাঙ্গণে শুরু হয়েছে ১২৪তম বার্ষিক দোল উৎসব। বিশ্ব শান্তি ও মানবকল্যাণ কামনায় সোমবার (২ মার্চ) থেকে ৪০ প্রহরব্যাপী মহা নামযজ্ঞ ও দোল উৎসবের আয়োজন করা হয়েছে।

উৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গণকে সাজানো হয়েছে বর্ণিল আলোকসজ্জা ও ধর্মীয় শোভায়। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে নামসংকীর্তন, পূজা-অর্চনা ও ধর্মীয় আলোচনা। দূরদূরান্ত থেকে আগত ভক্ত-অনুরাগীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।

ধারাবাহিক ধর্মীয় কর্মসূচি

আয়োজকরা জানান, ৩ মার্চ প্রত্যুষে মহানাম কীর্তন শুরু হয়ে ৭ মার্চ ভোর পর্যন্ত পাঁচ দিনব্যাপী এ কর্মসূচি চলবে। ৮ মার্চ সন্ধ্যা ৬টা ৮ মিনিট থেকে গোপাল গোবিন্দ দেবের অষ্টকালীন কীর্তন শুরু হবে, যা অহোরাত্রব্যাপী চলবে। ৯ মার্চ মহোৎসবের মধ্য দিয়ে এবারের আয়োজনের সমাপ্তি ঘটবে।
উৎসব চলাকালে দেশের বিভিন্ন জেলা থেকে আগত শিল্পীরা মহানাম সংকীর্তন ও অষ্টকালীন লীলামৃত পরিবেশন করবেন। ভক্তদের জন্য প্রতিদিন প্রসাদ বিতরণের ব্যবস্থাও রাখা হয়েছে।

ঐতিহ্য ও সম্প্রীতির বার্তা

মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ—সভাপতি অভিজিত রায়, সহ-সভাপতি চির রঞ্জন রায়, সাধারণ সম্পাদক বাপ্পি পাল ও মহিলা সম্পাদিকা সাবিত্রী রানী ঘোষ—জানান, শতবর্ষের বেশি সময় ধরে এই দোল উৎসব ধর্মীয় ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নিদর্শন হিসেবে পালিত হয়ে আসছে।

তারা বলেন, দেশ-বিদেশের ভক্তরা মহা নামযজ্ঞে অংশ নিয়ে বিশ্ববাসীর শান্তি ও কল্যাণ কামনায় প্রার্থনা করছেন। অন্যান্য বছরের ন্যায় এবারও সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্নের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।

নেতৃবৃন্দ চাঁদপুরের সনাতন ধর্মাবলম্বী সকল ভক্তকে দোল উৎসবে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।

প্রিন্ট করুন