প্রকাশের সময়: শনিবার, ২৮ মার্চ, ২০২৬ । ৪:২১ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

জ্বালানি তেলের ১৯ ডিপোতে বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক

জ্বালানি তেলের অবৈধ মজুদ প্রতিরোধ, বিপণনে শৃঙ্খলা বজায় রাখা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে দেশের বিভিন্ন ডিপোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় দেশে অননুমোদিতভাবে তেল মজুদের অপচেষ্টা দেখা যাচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়-এর নির্দেশে বিজিবি মোতায়েন করা হয়েছে।

গত ২৫ মার্চ থেকে ৯টি জেলার ১৯টি ডিপোতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। জেলাগুলো হলো—
ঢাকা (১টি), কুড়িগ্রাম (২টি), রংপুর (৩টি), রাজশাহী (৩টি), সিলেট (২টি), মৌলভীবাজার (৩টি), কুমিল্লা (৩টি), ব্রাহ্মণবাড়িয়া (১টি), সুনামগঞ্জ (১টি)।

বিজিবি সদর দপ্তরের তত্ত্বাবধানে একটি সুপরিকল্পিত কাঠামোর আওতায় এ মোতায়েন কার্যক্রম পরিচালিত হচ্ছে। সদস্যরা অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে দায়িত্ব পালন করছেন এবং একজন কর্মকর্তার নেতৃত্বে নিয়মিত তদারকি ও নিরাপত্তা নিশ্চিত করছেন।

মোতায়েনকৃত সদস্যরা অবৈধ জ্বালানি মজুদ ও বিক্রয় প্রতিরোধ, নাশকতা মোকাবিলা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণে কাজ করছেন। পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

এছাড়া সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার রোধে অতিরিক্ত টহল, নৌ টহল বৃদ্ধি, চেকপোস্ট স্থাপন এবং সীমান্তবর্তী এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। আইসিপি ও এলসিপিগুলোতেও নজরদারি জোরদার করা হয়েছে এবং আমদানি-রপ্তানিতে ব্যবহৃত যানবাহনে নিয়মিত তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।

প্রিন্ট করুন