চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা-র উপাদী শান্তিনগর বাজার এলাকায় জুনিয়র স্পোর্টিং ক্লাবের আয়োজনে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ মার্চ) বিকাল সাড়ে ৪টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাদী উত্তর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মেহেদী হাসান হিরন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজের যেকোনো ইতিবাচক কর্মকাণ্ডে তিনি সবসময় পাশে থাকবেন। তিনি উল্লেখ করেন, সমাজে ক্রমবর্ধমান অপরাধ প্রবণতা রোধে সামাজিক পরিবর্তন জরুরি এবং যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বিশিষ্ট সমাজসেবক মনির কবিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাস্টম কর্মকর্তা আবুল কাশেম গাজী, ব্যবসায়ী আতাউর রহমান ফারুক, উপাদী উত্তর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অ্যাডভোকেট সফিকুল ইসলাম রনি, সাবেক মেম্বার লোকমান হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফাইনাল খেলাটি পরিচালনা করেন সমাজসেবক রবিউল মিয়াজি। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এ আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় তরুণদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং ক্রীড়াচর্চার মাধ্যমে সামাজিক সম্প্রীতি জোরদারের বার্তা ছড়িয়ে পড়ে।

নিজস্ব প্রতিবেদক