প্রকাশের সময়: রবিবার, ২৯ মার্চ, ২০২৬ । ৬:০৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে গরুর খামারে শ্রমিক নিহত, অভিযুক্ত পলাতক

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা-র নারায়ণপুর এলাকায় একটি গরুর খামার থেকে মনজিল শেখ (৫৫) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সহকর্মীর রডের আঘাতে তিনি নিহত হয়েছেন।

শনিবার (২৯ মার্চ) রাতে উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের নারায়ণপুর প্রধানীয়া বাড়িতে অবস্থিত সেলিম প্রধানের গরুর খামারে এ ঘটনা ঘটে।

নিহত মনজিল শেখ নারায়ণপুর পৌরসভার উত্তর বাড়ৈগাঁও এলাকার মৃত কালু শেখের ছেলে। তিনি প্রায় চার বছর ধরে ওই খামারে কাজ করছিলেন।

অভিযুক্ত শ্রমিক সাগর হোসেন (৩০) সাতক্ষীরা সদর উপজেলার বাসিন্দা। তিনি দেড় বছর আগে খামারে কাজ শুরু করেন। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

খামারের মালিকের ছোট ভাই মো. ইয়াকুব প্রধান জানান, প্রতিদিনের মতো সকালে খামারে গিয়ে কোনো সাড়া না পেয়ে ডাকাডাকি করেন। পরে খামারের ভেতরে মনজিল শেখের নিথর দেহ চৌকির ওপর পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এএসপি (মতলব সার্কেল) জাবির হুসনাইন সানীব এবং মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিক।

ওসি হাফিজুর রহমান মানিক জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে।

প্রিন্ট করুন