প্রকাশের সময়: রবিবার, ২৯ মার্চ, ২০২৬ । ৬:২৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে “ফিডিং কর্মসূচি” শীর্ষক প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের মাঝে খাদ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) সকালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং প্রত্যাশার আয়োজনে উপজেলার দক্ষিণ ব্যাসদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করেন চাঁদপুর জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে সরকার এ ধরনের কার্যক্রম চালু করেছে।

এর ফলে শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি পাবে এবং পড়াশোনার প্রতি আগ্রহও বাড়বে। একটি সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, ফিডিং কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা পুষ্টিকর খাদ্য পাবে, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক হবে। পাশাপাশি বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতেও এ কর্মসূচি কার্যকর ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ হারুন অর রশিদ মোল্লা।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. জামাল হোসেন, মো. আনিছুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।

উল্লেখ্য, এই কর্মসূচির আওতায় উপজেলার ১৮০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ করা হবে।

প্রিন্ট করুন