প্রকাশের সময়: সোমবার, ৩০ মার্চ, ২০২৬ । ১২:৫৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

এসএসসি-এইচএসসি পরীক্ষার দীর্ঘসূত্রতায় শিক্ষার্থীদের সময় নষ্ট হচ্ছে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

এসএসসি ও এইচএসসি পরীক্ষার দীর্ঘসূত্রতার কারণে শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

রোববার (২৯ মার্চ) রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)-এ নতুন জাতীয়করণ হওয়া শিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষকদের জাতির ‘প্র্যাকটিক্যাল ডক্টর’ উল্লেখ করে মন্ত্রী বলেন, তারা ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলেন। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, তবে সেই মেরুদণ্ডকে শক্ত ও সোজা রাখার দায়িত্ব শিক্ষকদের ওপরই বর্তায়।

তিনি আরও বলেন, নানা সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও শিক্ষকদের নৈতিকতা ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

শিক্ষা খাতকে ‘ইবাদতখানা’ হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, শিক্ষা কার্যক্রমের মাধ্যমে অর্জিত ভালো ফল ‘সদকায়ে জারিয়া’ হিসেবে দীর্ঘমেয়াদে শিক্ষকদের উপকারে আসে। তাই দায়িত্ব পালনে এই মানসিকতা ধারণের আহ্বান জানান তিনি।

শিক্ষাব্যবস্থার কাঠামোগত সীমাবদ্ধতার কথা তুলে ধরে তিনি বলেন, বছরের শেষে ক্লাস শেষ হলেও পাবলিক পরীক্ষাগুলো পরের বছর এপ্রিল ও জুনে নেওয়া হয়, যা শিক্ষার্থীদের সময় নষ্ট করছে এবং সংস্কারের প্রয়োজন রয়েছে।

প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের উদ্দেশে মন্ত্রী বলেন, তাঁদের অভিজ্ঞতা ও মতামতের ভিত্তিতেই সময়োপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলা সম্ভব। এ জন্য প্রশিক্ষণ শেষে লিখিত সুপারিশ জমা দেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর-এর পরিচালক অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ, নায়েমের মহাপরিচালক ওয়াসীম মো. মেজবাহুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন