চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা-এ গরুর খামারের শ্রমিক মনজিল শেখ (৫৫) হত্যা মামলার প্রধান আসামি সাগর হোসেন (২৩)কে ঘটনার মাত্র ৭ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩০ মার্চ) দুপুরে মতলব দক্ষিণ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব।
সংবাদ সম্মেলনে জানানো হয়, হত্যাকাণ্ডের পরপরই তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করা হয়। পরে সাতক্ষীরা সদর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সাগর হোসেন ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন। তবে সীমান্ত অতিক্রমের আগেই তাকে আটক করা সম্ভব হয়েছে।
পুলিশের ভাষ্যমতে, ঘটনার রাতে মনজিল শেখ ও সাগর হোসেনের মধ্যে কথা-কাটাকাটি ও বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে সাগর লোহার রড দিয়ে মনজিলের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন এবং পরে মারা যান।
গ্রেপ্তারের পর সাগর হোসেন পুলিশের কাছে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলেও জানানো হয়।
নিহতের মেয়ে মুক্তা এ ঘটনায় হত্যা মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার আসামিকে সোমবার (৩০ মার্চ) চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।
এর আগে, শনিবার রাতে হত্যাকাণ্ডের পর সাগর পালিয়ে যান। পরদিন রোববার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
নিহত মনজিল শেখ মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌরসভার উত্তর বাড়ৈগাঁও গ্রামের বাসিন্দা।
অভিযুক্ত সাগর হোসেন সাতক্ষীরা জেলার পায়রাডাঙ্গা গ্রামের বাসিন্দা।
দুজনেই খাদেরগাঁও ইউনিয়নের নারায়ণপুর এলাকায় অবস্থিত একটি গরুর খামারে কর্মরত ছিলেন।
সংবাদ সম্মেলনে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান মানিক, পুলিশ পরিদর্শক (তদন্ত) অখিল চন্দ্র সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক