শাহরাস্তি উপজেলা-এ অবৈধভাবে কৃষিজমির টপ সয়েল কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) দিবাগত মধ্যরাতে উপজেলার স্বেতিনারায়নপুর এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে অবৈধভাবে মাটি কাটার দায়ে মো. হেলাল (২৬) নামে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় দোষী সাব্যস্ত করে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান ও তা আদায় করা হয়।
এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত দুটি ভেকু (এক্সকাভেটর) মেশিনের ব্যাটারি জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা।
এতে বাংলাদেশ সেনাবাহিনী-এর একটি দল, শাহরাস্তি থানা পুলিশ ও উপজেলা আনসার সদস্যরা অংশ নেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বলেন, কৃষিজমির টপ সয়েল কাটা সম্পূর্ণ অবৈধ এবং এটি দেশের খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে।
সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা জানান, অভিযানে হাতে-নাতে প্রমাণ পাওয়া গেছে এবং আইন অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।
অভিযান শেষে সংশ্লিষ্ট চালকরা ভবিষ্যতে অবৈধভাবে মাটি কাটার কাজে জড়িত না থাকার অঙ্গীকার করেন।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

নিজস্ব প্রতিবেদক