বিনা কারণে কেউ কারাগারে আটক থাকলে তার মুক্তির জন্য লিগ্যাল এইড কমিটিকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিচারক মোঃ আব্দুল হান্নান।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে চাঁদপুর জেলা জজ আদালত-এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চাঁদপুর জেলা লিগ্যাল এইড কমিটি-র মাসিক সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিদায়ী বক্তব্যে তিনি বলেন, সামান্য বা তুচ্ছ বিষয়ে কোনো আসামি যেন দীর্ঘদিন হাজতে না থাকে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সচেতন থাকতে হবে। কেউ অন্যায়ভাবে মামলায় জড়িয়ে পড়লে বা বিনা কারণে আটক থাকলে তার আইনি সহায়তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
তিনি আরও বলেন, লিগ্যাল এইড একটি গুরুত্বপূর্ণ সরকারি সেবা, যা দরিদ্র ও অসহায় মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে ভূমিকা রাখছে।
সভায় জানানো হয়, গত মাসে ১১টি অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং এসব মামলায় দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি লিগ্যাল এইডের কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে গণমাধ্যমের ভূমিকা জোরদারের আহ্বান জানানো হয়।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ শরাফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন বিচার বিভাগীয়, প্রশাসনিক ও আইনজীবী নেতৃবৃন্দ অংশ নেন।
চাঁদপুর প্রেসক্লাব-এর সভাপতি সোহেল রুশদী বলেন, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে লিগ্যাল এইড বিষয়ে সেমিনার ও সচেতনতামূলক কার্যক্রম বাড়ানো প্রয়োজন। গণমাধ্যমের মাধ্যমে এ সেবার ইতিবাচক দিক তুলে ধরা হবে।
সভায় আগামী ২৮ এপ্রিল ‘আইনগত সহায়তা দিবস-২০২৬’ উদযাপনে সকলের সহযোগিতা কামনা করা হয়।
সভা শেষে বিদায়ী বিচারক মোঃ আব্দুল হান্নানকে লিগ্যাল এইড কমিটির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
সভায় বক্তারা লিগ্যাল এইড কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী করার ওপর গুরুত্বারোপ করেন।

নিজস্ব প্রতিবেদক