চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা-এ দায়ের করা পুরোনো নাশকতার মামলায় যুবদল ও ছাত্রদলের ৬ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (১ এপ্রিল) দুপুরে চাঁদপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এ হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
কারাগারে পাঠানো নেতাকর্মীরা হলেন—
রাশেদুজ্জামান টিপু (ভারপ্রাপ্ত আহ্বায়ক, মতলব উত্তর উপজেলা যুবদল)
শরীফ উল্লাহ টিটু (যুগ্ম আহ্বায়ক, মতলব পৌর যুবদল)
মিরাজ মাহমুদ জিসান (আহ্বায়ক, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদল) হাসান, জুয়েল ও আদর।
মামলার বিবরণ অনুযায়ী, ২০১৩ সালের ২৯ অক্টোবর হরতালে পিকেটিং ও নাশকতার অভিযোগে মতলব দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় ১২/১৩ জনকে আসামি করা হয়।
পরবর্তীতে তদন্ত শেষে ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয় এবং তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাদ্দাম হোসেন জানান, পুরোনো মামলায় আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করেন।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র স্থানীয় নেতারা।
তারা দাবি করেন, এটি একটি মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা এবং অবিলম্বে আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।

নিজস্ব প্রতিবেদক