প্রকাশের সময়: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬ । ২:৪৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে কৃষি প্রণোদনা: কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণ

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা-এ কৃষকদের পাট চাষে পুনরায় আগ্রহী করতে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণ করেছে কৃষি বিভাগ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে এ সহায়তা প্রদান করা হয়।

কর্মসূচির আওতায় ৩৫০ জন কৃষকের মাঝে আউশ ধান ও পাটের বীজ এবং সার বিতরণ করা হয়েছে। এছাড়া উপজেলা পরিষদের অর্থায়নে আরও ২০০ জন কৃষককে পাটের বীজ ও সার প্রদান করা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে— প্রতিজন কৃষক পেয়েছেন ১ কেজি পাটবীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি পটাশ সার।

অন্যদিকে উপজেলা পরিষদের সহায়তায় প্রতিজন পেয়েছেন—
১ কেজি পাটবীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি পটাশ সার।

উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর কর্মকার-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফাহিম হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংশ্লিষ্টরা জানান, পরিবেশবান্ধব বিকল্প হিসেবে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে সরকার নানা উদ্যোগ নিয়েছে। বিশেষ করে পলিথিনের বিকল্প হিসেবে পাটের ব্যাগ ব্যবহারে গুরুত্ব দেওয়া হচ্ছে।

তবে বাস্তবতায় ফরিদগঞ্জে গত কয়েক বছর ধরে পাট চাষে আগ্রহ কমে যাচ্ছিল। কৃষি বিভাগের তথ্যমতে, গত বছর ১৪৫ হেক্টর জমিতে পাট চাষ হলেও চলতি বছর তা বেড়ে ১৪৭ হেক্টরে দাঁড়িয়েছে।

কৃষি কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, সরকারি প্রণোদনা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে পাট চাষে কৃষকদের আগ্রহ ধীরে ধীরে বাড়বে এবং হারানো ঐতিহ্য পুনরুদ্ধার হবে।

প্রিন্ট করুন