প্রকাশের সময়: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬ । ৩:০৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে বিএনপি নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, আতঙ্ক এলাকায়

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা-এ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন পাটওয়ারী-এর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল আনুমানিক ৬টার দিকে পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের শাহাপুর গ্রামের পাটওয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ভোরে ৬টি গাড়িতে করে শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে ঘটনাস্থলে আসে। তারা বাড়ির সীমানা প্রাচীর ভাঙচুর করে এবং বাসিন্দাদের ভয়ভীতি প্রদর্শন করে। এ সময় বাড়ির জানালাগুলোতেও কালো কাপড় বেঁধে দেওয়া হয়।

অভিযোগ উঠেছে, মোতাহার হোসেন পাটওয়ারীর ভাতিজা মাহাবুব পাটওয়ারী ও আবু জাফর পাটওয়ারীর নেতৃত্বে এ হামলা চালানো হয়।

ঘটনার সংবাদ পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এ সময় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক আবদুস সালাম হামলার শিকার হন বলে অভিযোগ উঠেছে।

তিনি জানান, ভিডিও ধারণ করতে গেলে কয়েকজন তাকে মারধর করে এবং তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে তিনি হাসপাতালে চিকিৎসা নেন।

অভিযুক্ত আবু জাফর পাটওয়ারী দাবি করেন, “এটি তাদের পারিবারিক সম্পত্তি। জোরপূর্বক দেয়াল নির্মাণ করায় তারা নিজেদের সম্পত্তি দখলমুক্ত করেছেন।”

অন্যদিকে মোতাহার হোসেন পাটওয়ারী অভিযোগ করেন, আগ্নেয়াস্ত্রের মুখে তার বাড়ির সীমানা প্রাচীর ভেঙে ফেলা হয়েছে এবং অতীতেও একই ধরনের হামলার ঘটনা ঘটেছে।

ফরিদগঞ্জ থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, “পুলিশের সংখ্যা কম থাকায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।”

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) লুৎফুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

প্রিন্ট করুন