প্রকাশের সময়: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ । ২:৩২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলবে অবৈধ ডিজেল বিক্রি: জরিমানা ৪০ হাজার, জব্দ ৩৫০ লিটার

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা-এ অবৈধভাবে ডিজেল বিক্রির দায়ে এক খুচরা ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৩৫০ লিটার ডিজেল জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ অভিযানে উপাদী উত্তর ইউনিয়নের উত্তর নওগাঁও ঢালী মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে স্থানীয় বাসিন্দা মুকবুল হোসেনের ছেলে মো. হাসান (৩২)-এর দোকানে তল্লাশি চালানো হয়। এ সময় জ্বালানি তেল বিক্রির কোনো বৈধ লাইসেন্স ও মূল্য তালিকা প্রদর্শন করতে না পারায় তাকে আটক করা হয় এবং ৩৫০ লিটার ডিজেল জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন এবং মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান মানিক।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় এবং অভিযুক্ত নিজ দোষ স্বীকার করায় তাকে ৪০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম ইশমাম।

সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন বলেন, “যারা কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলতে চায়, তারা প্রকৃত ব্যবসায়ী নয়। এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”

ইউএনও কেএম ইশমাম জানান, লাইসেন্স ছাড়া জ্বালানি তেল বিক্রি, মূল্য তালিকা না টানানো এবং নির্ধারিত দামের বেশি দামে ডিজেল বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় জরিমানা করা হয়েছে। জব্দকৃত ডিজেল মতলব দক্ষিণ থানার কাজে ব্যবহারের জন্য হস্তান্তর করা হয়েছে।

প্রিন্ট করুন