দেশের আইনজীবীদের নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল-এর সদস্য নির্বাচন আগামী ১৯ মে অনুষ্ঠিত হবে।
শনিবার (৪ এপ্রিল) বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। সভায় কাউন্সিলের বিভিন্ন কমিটির চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় অংশ নেন— এ.এস.এম. বখতিয়ার আনোয়ার (ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান), আবদুল আল মামুন (লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান), মো. শফিকুল ইসলাম (রিলিফ কমিটির চেয়ারম্যান), মো. মাহফুজ আহসান (রোল ও পাবলিকেশন কমিটির চেয়ারম্যান)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উপস্থিত সদস্যদের সম্মতিতেই নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত দিনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বার কাউন্সিলের সচিব (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ কামাল হোসেন শিকদার।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় এতদিন অ্যাডহক কমিটির মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হচ্ছিল। দীর্ঘ বিরতির পর এবার সদস্য নির্বাচনের তারিখ নির্ধারণ করা হলো।

নিজস্ব প্রতিবেদক