বাজারে বোতলজাত ভোজ্য তেলের সংকট ও অসাধু ব্যবসায়ীদের কারসাজির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর চাঁদপুর জেলা শাখা।
বুধবার (৮ এপ্রিল) বিকেলে বাইতুল আমিন চত্বর-এ অনুষ্ঠিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা ক্যাবের সিনিয়র সহ-সভাপতি মুজিবুর রহমান। কর্মসূচি পরিচালনা করেন সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন ও সদস্য অভিজিত রায়।
মানববন্ধনে বক্তব্য দেন সোহেল রুশদী, গোপাল সাহা, মো. বিপ্লব সরকার এবং অ্যাডভোকেট শাহ আলম ফরাজিসহ আরও অনেকে।
এ সময় মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, অসাধু ব্যবসায়ীদের কারসাজির কারণে বাজারে বোতলজাত সয়াবিন তেলের কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে। শহরে তেলের ঘাটতি থাকলেও গ্রামে ড্রামভর্তি তেল বিক্রি হচ্ছে, যা স্বাস্থ্যঝুঁকিপূর্ণ। এছাড়া ভেজাল মিশিয়ে বেশি দামে তেল বিক্রির অভিযোগও তোলেন তারা।
মানববন্ধন থেকে ১০ দফা দাবি উপস্থাপন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য—
ভোজ্য তেল নিয়ে কারসাজি বন্ধে কঠোর ব্যবস্থা
ন্যায্যমূল্য নিশ্চিতকরণ
নন-ফুড গ্রেড ড্রামে তেল বিক্রি বন্ধ
ভেজাল তেল বিক্রির বিরুদ্ধে কঠোর নজরদারি
জ্বালানি ও বিদ্যুৎ ব্যবহারে নিয়ন্ত্রণ
পেট্রোল, অকটেন ও ডিজেল মজুত রোধ
জাটকা নিধন বন্ধে আইন প্রয়োগ
হাম প্রতিরোধে স্বাস্থ্যসেবা জোরদার
কঠোর পদক্ষেপের দাবি
বক্তারা বলেন, দেশের ১৮ কোটি ভোক্তাকে প্রতারণা থেকে রক্ষা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

নিজস্ব প্রতিবেদক